Wednesday, November 26, 2025

যশোরে নিজের ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার, জনতার মারধরের পর পুলিশের হাতে সোপর্দ, যশোর প্রতিনিধি, ২৪ নভেম্বর ২০২৫

যশোর শহরের চাঁচড়া বাজার এলাকায় আপন ১৩ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে নিজের বাবাকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে। শনিবার বিকেলে বিষয়টি প্রকাশ পেলে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাবাকে মারধর করে মাথার চুল কেটে দেয়। পরে মেয়ের মা ও দুই ভাই মিলে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্তের বাড়ি মনিরামপুর উপজেলায়। পরিবারের সদস্যদের নিয়ে তিনি যশোর শহরের চাঁচড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে তিনি নিজের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরদিন শুক্রবার মেয়েটি তার ফুফুকে পুরো ঘটনা খুলে বলে। খবর পেয়ে ফুফুসহ আত্মীয়-স্বজন বাড়িতে এলে কথাবার্তার একপর্যায়ে অভিযুক্ত বাবা নিজেই ধর্ষণের বিষয়টি স্বীকার করেন।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে অভিযুক্তকে ধরে এলোপাতাড়ি মারধর করে এবং তার মাথার চুল কেটে দেয়। পরে পুলিশে খবর দেওয়া হলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। রাতেই ধর্ষণের অভিযোগে মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে ভুক্তভোগী কিশোরীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক ও মানসিক অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, “অভিযোগ পাওয়ার সাথে সাথে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।”

এলাকাবাসী এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

( যশোর প্রতিনিধি)

যশোরে নিজের ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার, জনতার মারধরের পর পুলিশের হাতে সোপর্দ
 যশোরে নিজের ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার, জনতার মারধরের পর পুলিশের হাতে সোপর্দ,যশোর প্রতিনিধি, ২৪ নভেম্বর ২০২৫



শেয়ার করুন
Golam Imtiaz

Author: Golam Imtiaz